মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বড়লেখায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
বড়লেখায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর রাস্তার পাশের মরা গাছ ভেঙে পড়ে এক নারী যাত্রীর প্রাণহানি ঘটেছে। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত নারীর নাম আজিজুন নেছা (৫০), তিনি উপজেলার সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় ওই নারীর স্বামী ও অটোরিকশাটির চালক গুরুতর জখম হয়েছেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দাসেরবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি অটোরিকশা বারইগ্রাম এলাকা অতিক্রম করার সময় সড়কের পাশে থাকা একটি মরা গাছ হঠাৎ উপড়ে পড়ে। গাছটি সরাসরি চলন্ত অটোরিকশাটির ওপর পড়লে এর চালকসহ ভেতরে থাকা আজিজুন নেছা ও তার স্বামী মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত বলে ঘোষণা করেন।
‎
‎গুরুতর আহত অটোরিকশা চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
‎
‎বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ বুধবার বিকেলে জানান, অটোরিকশার ওপর গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, দুর্ঘটনার বিষয়টি তার জানা নেই, তবে তিনি এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।