মূল কনটেন্টে যান
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

লন্ডনে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুসংবাদ শুনে সিলেটে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
20260201 204242 ezgif.com optiwebp scaled
20260201 204242 ezgif.com optiwebp scaled

লন্ডনে সড়ক দুর্ঘটনায় একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুর শোক সইতে পারলেন না বাবা ফজলুল হক। ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

‎নিহত ফজলুল হক সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তাঁর ছেলে নাফিজুল হক শাকিল গত ১৯ জানুয়ারি পূর্ব লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলুল হক দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। গত ১৪ জানুয়ারি লন্ডনে সড়ক দুর্ঘটনায় তাঁর বড় ছেলে শাকিল গুরুতর আহত হন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত ১৯ জানুয়ারি শাকিল শেষনিশ্বাস ত্যাগ করেন। দেশে থাকা পরিবারের কাছে এই খবর পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ছেলের মৃত্যুসংবাদ শোনার পর ফজলুল হকের শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে দ্রুত সিলেট নগরের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

‎ফজলুল হকের অন্য ছেলে মো. কামরান মুঠোফোনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “আব্বা আর নেই। বড় ভাইয়ের শোক সইতে না পেরে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।” ফজলুল হক মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎লন্ডনে নিহত শাকিলের মরদেহ বর্তমানে রয়েল লন্ডন হাসপাতালের ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। শাকিল লন্ডনের ডেলিভারি ড্রাইভারদের সংগঠন ‘বেথনালগ্রীণ রাইডার গ্রুপ’-এর সঙ্গে যুক্ত ছিলেন।