
রমজানে স্কুল ছুটি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন। ফলে পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া নির্দেশনাটি আপাতত কার্যকর হচ্ছে না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। এর আগে গত রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ রমজানে স্কুল ছুটির নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশে ১৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছিল। তবে আজকের চেম্বার আদালতের আদেশের ফলে স্কুল ছুটির সেই সিদ্ধান্ত স্থগিত হয়ে গেল।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইলিয়াস আলী মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিনা ববি লিজা ও মো. বায়েজিদ। রিট আবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রথা ও রীতি অনুযায়ী রমজানে স্কুল ছুটি থাকে। এ ছাড়া রোজা রেখে কোমলমতি শিশু-কিশোরদের স্কুলে যাতায়াত ও ক্লাস করা কষ্টকর। এসব দিক বিবেচনায় নিয়ে এবং শহরের তীব্র যানজট এড়াতে স্কুল ছুটির আবেদন জানানো হয়েছিল
এর আগে গত ৫ জানুয়ারি সরকারকে আইনি নোটিশ দিয়েছিলেন রিটকারী আইনজীবী। সেই নোটিশের জবাব না পেয়ে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মাদ্রাসা ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পৃথক প্রজ্ঞাপনের বৈধতা প্রশ্নে রুল জারি করেছিলেন। তবে চেম্বার আদালতের আজকের স্থগিতাদেশের ফলে রমজানে স্কুল ছুটি সংক্রান্ত হাইকোর্টের পূর্বের নির্দেশটি আপাতত স্থগিত থাকছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।