মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

​সিলেটের মাঠে সিলেটি জামাই মঈন আলীর ঝড়ে লণ্ডভণ্ড ঢাকা


নিজস্ব প্রতিবেদক
InShot 20260108 220928170 ezgif.com jpg to webp converter
InShot 20260108 220928170 ezgif.com jpg to webp converter

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘরের মাঠে সিলেটের জামাই মঈন আলীর দাপটে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। ব্যাট হাতে ৮ বলে ২৮ রানের টর্নেডো ইনিংসের পর বল হাতে ২ উইকেট শিকার করে সিলেটের জয় সহজ করেন এই ইংলিশ অলরাউন্ডার। ১৮১ রানের লক্ষ্য তাড়ায় নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানেই থমকে যায় ঢাকা ক্যাপিটালসের ইনিংস।

টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তাওফিক খানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় সিলেট টাইটান্স। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৪৮ রান তোলা সিলেট প্রথম ধাক্কা খায় ১৭ রান করা তাওফিকের বিদায়ে। দারুণ খেলতে থাকা ইমনও ২৪ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে আফিফ হোসেন (৬) দ্রুত বিদায় নিলেও আরিফুল ইসলাম ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে এগোতে থাকে স্বাগতিকরা। আরিফুল ২৯ বলে ৩৮ এবং ওমরজাই ২৩ বলে ৩৩ রান করে আউট হন। তবে ইনিংসের শেষ দিকে মূল আকর্ষণ হয়ে দাঁড়ান মঈন আলী। ১৯তম ওভারেই ২৮ রান তুলে নিয়ে স্কোরবোর্ড বড় করেন তিনি। ৮ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে মঈন বিদায় নিলেও মেহেদী হাসান মিরাজ ও ইথান ব্রুকসের ব্যাটে ৬ উইকেটে ১৮০ রানের পাহাড় গড়ে সিলেট। ঢাকার পক্ষে ৩ উইকেট নেন জিয়াউর রহমান।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালসকে ভালো শুরু এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী জুটিতে ৫৬ রান যোগ করলেও ১১ বলে ২৪ রান করে মামুন বিদায় নিলে চাপে পড়ে ঢাকা। তিনে নেমে ব্যর্থ হন আগের ম্যাচের নায়ক নাসির হোসেন (৩), সুবিধা করতে পারেননি শামীম পাটোয়ারীও (১)। ওপেনার গুরবাজ এক প্রান্ত ধরে রেখে ৪৪ বলে ৫১ রানের ফিফটি করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ঢাকার ইনিংস ধুঁকতে থাকলে হারের ব্যবধান কমানোর চেষ্টা করেন সাব্বির রহমান। ১৬ বলে তার অপরাজিত ২৫ রানের ইনিংসে ভর করে ১৬০ পর্যন্ত পৌঁছায় ঢাকা। সিলেটের পক্ষে সালমান ইরশাদ ৩টি এবং মঈন আলী ২টি উইকেট নেন।