মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কানাইঘাটে মাটিবাহী ট্রাক্টরের চাপায় স্কুলছাত্রের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
InShot 20260124 221139297 ezgif.com jpg to webp converter scaled
InShot 20260124 221139297 ezgif.com jpg to webp converter scaled

সিলেটের কানাইঘাট উপজেলায় মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাপায় হাফিজুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বীরদল হাওড় সানন্দপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহত হাফিজুর রহমান কানাইঘাট সদর ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের কুয়েত প্রবাসী আবুল কাশেমের একমাত্র ছেলে। সে স্থানীয় নিজ চাউরা কিন্ডারগার্টেন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

‎স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর তার মা ও দুই বোনের সঙ্গে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার সন্ধ্যায় মামাবাড়ি থেকে বের হয়ে সে পাশের সড়কে আসা মাত্রই দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। হাফিজুর সড়কের ওপর ছিটকে পড়লে ট্রাক্টরটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।

‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থল থেকে অন্য দুটি ট্রাক্টরের চালককে আটক করে বীরদল লক্ষ্মীপুর গ্রামের একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশটি নিজেদের হেফাজতে নেয়।