মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিপিএল উদ্বোধনী ম্যাচে শান্তর রাজশাহীর মুখোমুখি মিরাজের সিলেট টাইটান্স


নিজস্ব প্রতিবেদক
InShot 20251225 215501240 ezgif.com jpg to webp converter scaled
InShot 20251225 215501240 ezgif.com jpg to webp converter scaled

চায়ের নগরী সিলেটে কাল পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। মাঠের বাইরের নানা বিতর্ক আর আলোচনা ছাপিয়ে অবশেষে ব্যাট-বলের লড়াই শুরু হতে যাওয়ায় ক্রিকেট প্রেমীদের মাঝে বিরাজ করছে টানটান উত্তেজনা।

‎এবারের উদ্বোধনী ম্যাচের বিশেষ আকর্ষণ জাতীয় দলের দুই অধিনায়ক শান্ত ও মিরাজের দ্বৈরথ। রাজশাহী ওয়ারিয়র্স আগেভাগেই টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তাদের দলনেতা ঘোষণা করেছিল। টুর্নামেন্টের অন্যতম ভারসাম্যপূর্ণ দল হিসেবে পরিচিত রাজশাহী এরই মধ্যে তাদের বিদেশী তারকাদের বহর নিয়ে সিলেটে অবস্থান করছে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শান্ত চাইছেন প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিতে।
‎অন্যদিকে, ঘরের মাঠ সিলেটে লড়াই করার জন্য আজই অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট টাইটান্স। সরাসরি চুক্তিতে আসা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধেই উঠেছে সিলেটের নেতৃত্বের ভার। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন মিরাজ কাল ঘরের মাঠে দর্শকদের উন্মাদনার সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নিতে চান। যদিও সিলেটের বিদেশী ক্রিকেটারদের প্রথম ম্যাচে পাওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে, তবুও দলীয় কম্বিনেশন নিয়ে আশাবাদী স্বাগতিকরা।

‎টুর্নামেন্টের শুরুটা মাঠের খেলা দিয়ে হওয়ার কথা থাকলেও সব ফোকাস এখন মাঠের বাইরের ঘটনাপ্রবাহে। বিশেষ করে সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হতে যাওয়া চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসকে নিয়ে বিতর্কের শেষ নেই। মালিকানা জটিলতায় চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব শেষ পর্যন্ত বিসিবিকে নিতে হয়েছে। অন্যদিকে, নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের মালিকপক্ষের সাথে দ্বন্দ্বে অনুশীলন বন্ধ রাখলেও পরে তা মিটে গেছে বলে জানা গেছে।

‎সিলেটের গ্যালারিতে কাল হাজারো দর্শক প্রিয় দলের সমর্থনে গর্জে ওঠার অপেক্ষায়। এখন দেখার বিষয়, মাঠের বাইরের এই অস্থিরতা কাটিয়ে ক্রিকেটাররা মাঠে কতটা চমক দেখাতে পারেন। দেশের ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে কার হাতে উঠবে প্রথম জয়ের মুকুট, তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সিলেটের ক্রিকেট ভক্তরা।
‎