মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগন্ত ফেডারেশন


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় ভালো ফল করা ৮০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নবদিগন্ত ফেডারেশন। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাগরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক প্রফেসর টিপু সুলতান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ রহিম, শিক্ষক হাসানুজ্জামান মিলন এবং পন্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান (অমি)।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মওলানা আব্দুল হক, যুক্তরাজ্য প্রবাসী গীতিকার কবি শাহ কামাল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, এবং সমাজসেবক শরিফুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবদিগন্ত ফেডারেশনের সভাপতি শিক্ষক রাজু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক এম আহমেদ আমিম।

অতিথিরা তাঁদের বক্তব্যে নবদিগন্ত ফেডারেশনের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের প্রশংসা করেন। তাঁরা বলেন, এই সংগঠন মানবসেবার মতো মহান কাজ করে যাচ্ছে। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে, তাঁরা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা এবং সত্য কথা বলার গুরুত্ব তুলে ধরেন। অভিভাবকদের প্রতিও শিক্ষার্থীদের ব্যাপারে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে নবম শ্রেণির শিক্ষার্থী নজির আহমদ। অনুষ্ঠানে কয়েকশ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক উপস্থিত ছিলেন। ক্রেস্ট পেয়ে শিক্ষার্থীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে।