
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেছেন জেলা ছাত্রদলের এক নেতা। মামলার এজাহারে চারটি আইফোন, একটি স্যামসাং স্মার্টফোন এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় এনসিপির ১০ নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদীর অভিযোগ, গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকার কাছে এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। ওই সময় কয়েকজন ছাত্রদল নেতাকর্মী আহত হন এবং ভাঙচুরের ঘটনাও ঘটে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় বাদীর ব্যবহৃত আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, শিমুল হাসানের আইফোন-১৫ এবং মাহমুদুল হাসান গাজীর স্যামসাং গ্যালাক্সি এস-২২ ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া রক্সি ইসলামের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন— এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী।
অন্যদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে এর আগে এনসিপিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। দলটির দাবি, পদযাত্রা শেষে ফেরার পথে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হন এবং একজন কর্মীর একটি চোখ নষ্ট হওয়ার অভিযোগও করে এনসিপি। একই ঘটনায় কয়েকটি গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগও তোলে দলটি।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন, ছাত্রদল নেতার করা অভিযোগ গ্রহণ করে মামলা রেকর্ড করা হয়েছে।
এদিকে, মামলার অভিযোগের প্রতিক্রিয়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের মামলা দিয়েছিল। গতকাল হবিগঞ্জের সন্ত্রাসীদের আশ্রয়স্থল গউস এমপির নির্দেশে তার পালিত ছাত্রদল আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দিয়েছে। সেই পুরনো অভ্যাস! নিজেদের মতো সবাইকে ভাবলে তো হবে না! Be a little dignified, please!’
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।