
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ভূষিত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখা থানার মনিরুজ্জামান খান। মে মাসের অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে চমৎকার পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সুলতান আহমেদ।
বুধবার (১০ জুন) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই দুই পুলিশ কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। রেঞ্জ ডিআইজি ড. মো. জিললুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা, চার জেলার পুলিশ সুপারগণ এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধী গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে বিশেষ অবদান রাখার জন্য বড়লেখা খানার ওসি মনিরুজ্জামান খানকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। অন্যদিকে, ওয়ারেন্ট তামিলে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠত্বের পুরস্কার পান এএসআই মো. সুলতান আহমেদ।
এই গৌরবে অনুভূতি ব্যক্ত করে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, এই অর্জন বড়লেখা থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও পেশাদারিত্বের ফল। ভালো কাজের স্বীকৃতি দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেয়। ভবিষ্যতেও জনবান্ধব পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বড়লেখা থানা সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।