
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলার দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নে এই অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও বালু জব্দ করা হয়। পরিবেশ রক্ষায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।
আদালত সূত্র জানায়, চেলা নদীর পূর্ব সোনাপুর মাদ্রাসা ঘাট ও লুভিয়া এলাকায় মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ও উত্তোলিত বালু জব্দ করা হয়। এসময় বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ হাবিবু রহমান (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটক হাবিবু স্থানীয় রহিমেরপাড়া গ্রামের দুধু মিয়ার ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের আইনি পদক্ষেপ ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।