সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটা ও বায়ুদূষণবিরোধী অভিযানে তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কাঁচা ইট ধ্বংস এবং ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। একই অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আরও চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এসব জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০২৩ অনুযায়ী তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সোনাসার এলাকার সোনাসার ব্রিকস-২-কে ১ লাখ টাকা, বারঠাকুরী এলাকার মেসার্স বি.বি.এফ বারঠাকুরী ব্রিকসকে ২ লাখ টাকা এবং বারহাল এলাকার মেসার্স মনসুর ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী কালিগঞ্জ বাজার এলাকার চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাঁদের মধ্যে আব্দুল হারিছ, শরিফুল ইসলাম ও আব্দুল হালিমকে ১০ হাজার টাকা করে এবং দিপঙ্কর বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির প্রসিকিউশন প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগের সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগীয় কার্যালয়ের অধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনবিরোধী নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।




