মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে জিরো টলারেন্স বাস্তবায়নের নির্দেশ এমপি আবুল হাসানের


সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে জিরো টলারেন্স বাস্তবায়নের নির্দেশ এমপি আবুল হাসানের

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

এমপি আবুল হাসান বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবি ও পুলিশকে আরও তৎপর হতে হবে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে। মাদক তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। অপরাধ দমনে রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতাও কামনা করেন তিনি।

সভায় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা জানান, গত দুই মাসে চোরাচালানি পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চোরাচালান ও মানবপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের জন্য সংসদ সদস্যের প্রতি অনুরোধ জানান তাঁরা।

এ সময় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়নকাজে বরাদ্দ বৃদ্ধি এবং বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের দাবিও তুলে ধরেন। জবাবে সংসদ সদস্য বলেন, কানাইঘাট ও জকিগঞ্জে ইতোমধ্যে কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।

আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কানাইঘাট ও জকিগঞ্জ সফর সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এমপি আবুল হাসান। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবায় আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপ্নীল সৌরভ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, দিঘিরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তাইয়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ এবং ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর।

এর আগে সংসদ সদস্য আবুল হাসান দিঘিরপার ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানে সমাহিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধিস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধিস্থল পরিদর্শন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নিতে কানাইঘাটে আসবেন।