একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের ঐতিহাসিক অবস্থানের স্বীকৃতির দাবি এবার জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনায় এসেছে। আগামী ১ ডিসেম্বর জকিগঞ্জকে মুক্তিযুদ্ধের প্রথম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
এমরান আহমদ চৌধুরীর পোস্ট অনুযায়ী, জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এ কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। এ সময় জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং তিনি নিজে উপস্থিত ছিলেন।
সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে এমরান আহমদ চৌধুরী লেখেন, স্পিকারের কাছ থেকে মহান মুক্তিযুদ্ধের নানা ইতিহাস শুনে তাঁরা আবেগাপ্লুত হয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিলেট অঞ্চলকে শত্রুমুক্ত করার সাহসী ইতিহাস তাঁর স্মৃতিচারণে উঠে আসে। একজন বীর মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা শোনাকে তিনি ইতিহাস জানার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
এদিকে, জকিগঞ্জের স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসানের মিডিয়া সেল থেকেও একই বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বক্তব্যেই তিনি জকিগঞ্জকে একাত্তরের প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার দাবি উত্থাপন করেন। তাঁর সেই দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১ ডিসেম্বর স্পিকার জকিগঞ্জকে মুক্তিযুদ্ধের প্রথম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করবেন।
জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ২১ নভেম্বর সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জকিগঞ্জ হানাদারমুক্ত হয়। দিনটি স্থানীয়ভাবে ‘জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। মুক্তিযোদ্ধা, স্থানীয় সংগঠন ও সচেতন নাগরিকেরা দীর্ঘদিন ধরে এ ইতিহাসের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করে আসছেন। এ দাবিতে ২০২৫ সালেও স্থানীয়ভাবে জনসভা অনুষ্ঠিত হয়েছিল।
সম্প্রতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় বিষয়টি আবারও সামনে আসে। সভায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদসহ স্থানীয় বক্তারা সংসদ সদস্য মুফতি আবুল হাসানের কাছে ঐতিহাসিক এ দাবির স্বীকৃতি আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জবাবে মুফতি আবুল হাসান জানান, তিনি জাতীয় সংসদে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করেছেন। সরকার দ্রুত এ স্বীকৃতি দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১ ডিসেম্বরের ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর জকিগঞ্জে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, স্পিকারের এ ঘোষণা বাস্তবায়িত হলে জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে। তবে শুধু ঘোষণা নয়, প্রথম মুক্তাঞ্চল হিসেবে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি, মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার উদ্যোগও প্রয়োজন।
দীর্ঘদিনের দাবি জাতীয় পর্যায়ে কতটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির পথে এগোয়, এখন সেদিকেই তাকিয়ে জকিগঞ্জবাসী।



