মূল কনটেন্টে যান
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
সোমবার, ২ নভেম্বর, ২০২৬

দনা সীমান্তে চার দিন আটকে রেখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভারতে নেওয়ার প্রলোভনে স্বামী-সন্তানসহ সীমান্তে আনা হয়, মামলার প্রস্তুতি


দনা সীমান্তে চার দিন আটকে রেখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকায় ভারতে পাচারের প্রলোভন দেখিয়ে এক নারীকে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বামী ও সন্তানের সামনে থেকে ওই নারীকে তুলে নিয়ে যায় একটি মানব পাচারকারী চক্র। পরে সীমান্তবর্তী বিভিন্ন স্থানে আটকে রেখে তাঁর ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ওই নারী কক্সবাজার জেলার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, কয়েক দিন আগে ভারতে অবৈধভাবে পার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নারী, তাঁর স্বামী ও সন্তানকে কানাইঘাটের দনা সীমান্ত এলাকায় নিয়ে আসে একটি চক্র। সেখানে স্বামী ও সন্তানের সামনে থেকেই জোরপূর্বক ওই নারীকে তুলে নিয়ে যায় চক্রের সদস্যরা।

প্রথমে দনা চা-বাগান এলাকার একটি টিলায় তাঁকে আটকে রাখা হয়। পরে ভারত সীমান্তসংলগ্ন দনা খাসাড়ী পাড়া এলাকার বিভিন্ন স্থানে নিয়ে চার দিন ধরে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে পাঁচজনের নাম উঠে এসেছে। তাঁরা হলেন রায়হান আহমদ, আব্দুল হান্নান, আবুল কালাম বাচ্চু, আব্দুস শহিদ ও সজীব আহমদ। তবে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।