সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১০ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু, জিরা, বিড়ি ও অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায় গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দ করা গরুগুলোর সিজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা।
একই দিন সকাল ৮টার দিকে কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল। সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় জিরা, ৩ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি ও একটি অটোরিকশা জব্দ করা হয়। এসব মালামালের সিজারমূল্য ৪ লাখ ২১ হাজার টাকা।
বিজিবির হিসাব অনুযায়ী, পৃথক দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ১০ লাখ ৭১ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনায় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।


