মূল কনটেন্টে যান
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জের কৃষকদের জন্য সুখবর, ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

৩০ নভেম্বর পর্যন্ত কৃষক তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ, জকিগঞ্জ ও কালিগঞ্জ এলএসডিতে চলবে ধান সংগ্রহ


জুবায়ের আহমদ
সম্পাদক
জকিগঞ্জের কৃষকদের জন্য সুখবর, ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

মাঠজুড়ে পাকা ধানের অপেক্ষা। ভালো ফলনের আশায় দিন গুনছেন জকিগঞ্জের কৃষকেরা। তবে ফসল ঘরে তোলার পর উৎপাদন খরচ পুষিয়ে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে তাঁদের মনে ছিল নানা শঙ্কা। এর মধ্যেই সরকারিভাবে প্রতি কেজি ৩৫ টাকা দরে আমন ধান সংগ্রহের ঘোষণা এসেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির প্রচারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জকিগঞ্জ ও কালিগঞ্জ এলএসডিতে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৩৫ টাকা হিসেবে প্রতি মণ ধানের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ কার্যক্রমে প্রকৃত আমন ধানচাষিরা অংশ নিতে পারবেন। আগ্রহী কৃষকদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে উপজেলা কৃষি কার্যালয় অথবা নিজ নিজ এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে কৃষক তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।

এর আগে চলতি আমন মৌসুমে জকিগঞ্জের বিস্তীর্ণ মাঠে ধানের সবুজ সমারোহ ও ভালো ফলনের সম্ভাবনা নিয়ে কৃষকদের আশাবাদের চিত্র উঠে এসেছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৪ হাজার ৯৭৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

তবে ভালো ফলনই কৃষকের লাভের নিশ্চয়তা নয়। সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ মেটানোর পর ধানের ন্যায্য দাম না পেলে কৃষকের প্রত্যাশিত লাভ থাকে না। মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের কৃষক কাজী হেলাল আহমদ এবার ১০ বিঘা জমিতে আমন চাষ করেছেন। তাঁর হিসাব অনুযায়ী, চারা রোপণ থেকে ধান কেটে ঘরে তোলা পর্যন্ত প্রায় এক লাখ টাকা খরচ হতে পারে। তাই ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়াকেই গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

কাজলসার ইউনিয়নের ডেমারগ্রামের কৃষক আব্দুস শহীদের প্রত্যাশাও একই। উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ধানের দাম পাওয়া গেলে কৃষকেরা আগামী মৌসুমেও চাষাবাদে আগ্রহী হবেন বলে মনে করেন তিনি।

এ অবস্থায় সরকারের নির্ধারিত দামে আমন ধান সংগ্রহের ঘোষণা কৃষকদের জন্য ইতিবাচক উদ্যোগ। তবে প্রকৃত চাষিদের তালিকাভুক্তি, সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা এবং কৃষকদের সরকারি সংগ্রহকেন্দ্রে ধান বিক্রির সুযোগ নিশ্চিত করাই এখন গুরুত্বপূর্ণ। কৃষকের ঘরে সোনালি ধান ওঠার পাশাপাশি সেই ফসলের ন্যায্য মূল্য মিললেই তাঁদের মুখে প্রকৃত হাসি ফুটবে।