মূল কনটেন্টে যান
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে জখম, ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা


জকিগঞ্জে বাবা-ছেলেকে পিটিয়ে জখম, ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা

জকিগঞ্জের বীরশ্রীতে পূর্ববিরোধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা হয়েছে।

গত ১৭ নভেম্বর মামলাটি রুজু করা হয়। মামলার বাদী উপজেলার ২ নম্বর বিরশ্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামের জহুরুল ইসলাম জুবের (৩০)। মামলায় দণ্ডবিধির ৩৪১, ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১১৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল সাতটার দিকে জকিগঞ্জ-শেওলা সড়কের মাছুমবাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বাদীর বাবা মো. আব্দুল মজিদ প্রয়োজনীয় কাজে সিলেট আদালতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আসামিরা তাঁর পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বাদীর পরিবারের সঙ্গে আসামিদের বিরোধ ও মনোমালিন্য চলছিল। এর জের ধরে ঘটনার দিন আসামিরা দেশীয় অস্ত্র, বল্লম, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে বাদীর বাবা আব্দুল মজিদ ও ছোট ভাই সাইফুল ইসলামসহ পরিবারের কয়েকজন আহত হন।

বাদীর অভিযোগ, হামলার একপর্যায়ে তাঁর বাবার সঙ্গে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা তাঁর বাবা ও ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, আহত ব্যক্তিদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় আব্দুল মজিদ ও সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলার এজাহারে আসামি হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন আবুল কালাম রব্বানি (২২), রাবিন আহমদ (২৪), আব্দুস সালাম (২৫), নাহিদ আহমদ (২১), আরিফুজ্জামান মীম (২০), আব্দুল আজিজ (৫৩) ও শামসুল ইসলাম (৪৫)। তাঁদের মধ্যে ছয়জনের বাড়ি পিয়াইপুর গ্রামে এবং শামসুল ইসলামের বাড়ি জকিগঞ্জ পৌরসভার গন্ধদত্ত গ্রামে বলে এজাহারে উল্লেখ রয়েছে। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘বয়স্ক লোকটিকে মারধরের ভিডিও ফুটেজ দেখেছি। মামলা গ্রহণের পর তদন্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা এলাকায় নেই। বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন জকিগঞ্জ থানার উপপরিদর্শক শৈলেশ চন্দ্র দাস।