পবিত্র হাদিসের ছয়টি প্রসিদ্ধ গ্রন্থ ‘সিহাহ সিত্তাহ’ হিফজ সম্পন্ন করেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কৃতী সন্তান হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ফাহাদ। ঢাকার বাগমুসা ইসলামিক সেন্টার থেকে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।
আব্দুল্লাহ আল ফাহাদ গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের আনসার মহল্লা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মাওলানা বিলাল উদ্দিন (বাঘার হুজুর) সিলেটের প্রাচীনতম বিদ্যাপীঠ ফুলবাড়ি আজিরিয়া ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রখ্যাত আলেম।
সিহাহ সিত্তাহ হিফজ করা হাদিসশাস্ত্রের ক্ষেত্রে অত্যন্ত বিরল ও কঠিন একটি অর্জন। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষক, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এ অর্জন দ্বীনি শিক্ষায় আগ্রহী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে সিলেটের ধর্মীয় ও শিক্ষাঙ্গনেও এটি গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।


