মূল কনটেন্টে যান
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নির্দিষ্ট মাপে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বসানোর নির্দেশ বিআরটিএর


উবেদুল্লাহ তালুকদার
স্টাফ রিপোর্টার
নির্দিষ্ট মাপে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বসানোর নির্দেশ বিআরটিএর
প্রতীকী ছবি

আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নির্দিষ্ট মাপ অনুসরণ করে নম্বর প্লেট বসানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর অধীনে চালকদের নিজ দায়িত্বে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্কুটারের ক্ষেত্রে নম্বর প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অপরদিকে স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখার নিয়ম করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্দেশিত নম্বর প্লেটের উপাদান হিসেবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে বলা হয়েছে। সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে এটি তৈরি করতে হবে। ম্যানুয়াল নম্বর প্লেটে কোনো প্রকার নকশা বা সৌন্দর্যবর্ধন করা যাবে না। স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২১২) প্রদর্শন করা যাবে।

বর্তমানে মোটরসাইকেলের পেছনের অংশে বিআরটিএ অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের ধাতব প্লেট প্রদর্শনের নিয়ম থাকলেও এখন থেকে সম্মুখভাগেও নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করা হলো।