সিলেটের তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে আটক করা হয়েছে। ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত চেকপোস্টে এলে পরিচয় শনাক্তের পর তাঁকে আটক করে পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে তামাবিল পুলিশ ফাঁড়ি, ইমিগ্রেশন পুলিশ ও জৈন্তাপুর থানা পুলিশের একটি যৌথ দল তাঁকে নিজেদের হেফাজতে নেয়। আটক হওয়ার পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কামাল আহমদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তিনি জানান, মামলাগুলো যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা জৈন্তাপুরের ডিবির হাওর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে অবরুদ্ধ হন। সে সময়ও পুলিশ তাঁকে আটক করেছিল। পরবর্তী সময়ে তিনি আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন।



