মূল কনটেন্টে যান
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ২৬ মাসের আদিবার


জকিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ২৬ মাসের আদিবার
ছবি: প্রতিকী

জকিগঞ্জে পুকুরে ডুবে আদিবা জান্নাত নামে ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের মজলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিবা জান্নাত ওই গ্রামের আনহার আহমদের মেয়ে। বাড়িতে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে পুকুরে ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির দাদা আব্দুস সুবহান জানান, পুকুরের চারপাশে নেটের জাল দিয়ে বেড়া দেওয়া থাকলেও ফাঁক দিয়ে শিশুটি পুকুরে চলে যায়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় মসজিদে শিশুটির জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় জকিগঞ্জ থানা পুলিশের মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য শামীম আহমদ শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিশুদের নিরাপত্তায় মা-বাবা ও অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।