মূল কনটেন্টে যান
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সিলেটের খাদিমপাড়ায় নির্মাণাধীন ভবনের চারতলায় মিলল প্রহরীর লাশ,আটক ১৩

মরদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে


উবেদুল্লাহ তালুকদার
স্টাফ রিপোর্টার
সিলেটের খাদিমপাড়ায় নির্মাণাধীন ভবনের চারতলায় মিলল প্রহরীর লাশ,আটক ১৩

সিলেট নগরীর খাদিমপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে আড়াই বছর ধরে প্রহরী হিসেবে কাজ করা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইরফান আলী। তিনি গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।

‎শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ৪ নম্বর রোডের ‘নুর প্যালেস’ নামের ভবনের চারতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কাজ করতে এসে শ্রমিকেরা চারতলায় লাশটি দেখতে পান। পরে তাঁরা ভবনমালিককে খবর দেন। ভবনমালিক ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দিলে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা হাতুড়ি ও লোহাজাতীয় বস্তু উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার আশঙ্কায় ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে।

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, মরদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের ১৩ শ্রমিককে আটক করা হয়েছে।
‎
‎নিহতের স্বজনেরা জানান, ইরফান আলী দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছিলেন। মাঝে মাঝে তাঁর ছেলেও সঙ্গে থাকত। তবে ঘটনার আগের দিন ছেলেটি বাড়ি চলে যায়। সকালে স্থানীয় ইউপি সদস্যের ফোনে খবর পেয়ে স্বজনেরা এসে লাশ দেখতে পান। মাথায় আঘাত থাকায় এটি হত্যাকাণ্ড বলে তাঁদের সন্দেহ এবং তাঁরা এ ঘটনার বিচার দাবি করেছেন।