বরগুনার বামনায় বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলের অর্থ পাচার ও বিদ্যুৎ খাতের ব্যয় নিয়ে কথা বলেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বরগুনার বামনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম মনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে এবং অকেজো বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে। এসব অকেজো বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রতি মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকা দেওয়া হতো। এসব কারণে দেশের বিদ্যুৎ বিল বেশি আসছে এবং এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যয় নিয়ে চিফ হুইপ জানান, তিনি খাবারের পেছনে বছরে ৩৫ কোটি টাকা খরচ করতেন। অন্যদিকে বর্তমান সরকারকে পাঁচ মাসের মধ্যে ঋণ ও সুদ বাবদ ২৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হয়েছে।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালের প্রসঙ্গ তুলে নুরুল ইসলাম মনি বলেন, ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং তাঁর হাত ধরেই সৌদি আরবে প্রথম জনশক্তি রপ্তানি শুরু হয়।



