মৌলভীবাজারের বড়লেখায় আত্মনির্ভরশীলতা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৪ জন উপকারভোগীর মধ্যে সিঙ্গার ব্র্যান্ডের সেলাই মেশিন বিতরণ করেছে জালালাবাদ ফাউন্ডেশন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ প্রকল্প ২০২৫-২৬’-এর আওতায় এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে জালালাবাদ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এনাম আহমদ সভাপতিত্ব করেন। সংস্থাটির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব।
আয়োজকদের আশা, সেলাই প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের দক্ষতার উন্নয়ন ঘটিয়ে আয়ের পথ তৈরি করতে পারবেন। স্থানীয় পর্যায়ে নারীদের দক্ষতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি মো. আনারুল ইসলাম, বড়লেখা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, দাসের বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহিল আমিন বাহার এবং জালালাবাদ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার কবির আহমেদ।
এ ছাড়া জালালাবাদ ফাউন্ডেশনের সদস্য ও নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা কমিটির সহসভাপতি আব্দুল আজিজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।


