মূল কনটেন্টে যান
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের সমন্বিত ভূমিকা জরুরি —তাহিরপুরের ইউএনও


তাহিরপুর প্রতিনিধি
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকের সমন্বিত ভূমিকা জরুরি —তাহিরপুরের ইউএনও
ছবি : সবুজ প্রান্ত

শিক্ষার প্রসার ও গুণগত মানোন্নয়নে শিক্ষক এবং অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে ইউএনও রিপামনি দেবী বলেন, স্থানীয় শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কাজ করা হবে। শিক্ষার্থীরা কখন কোথায় যাচ্ছে এবং কীভাবে সময় কাটাচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার ও নজরদারি বাড়ানোর তাগিদ দেন তিনি।

বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। এ সময় পাঠদানে মনোযোগ বৃদ্ধি ও বাড়িতে উপযুক্ত পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়।

বিদ্যালয়ের সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হামিদুর রহমান ও মো. দুলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাগলী চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি কামাল হোসেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি লালু মিয়া, অভিভাবক প্রতিনিধি হাজী আব্দুল হালিম, হাজী আমিনুল হক ও মাওলানা রফিকুল ইসলাম।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সদস্য এবং স্থানীয় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।