মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
উপজেলা পরিষদের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিনির্বাপক মহড়া উপস্থাপন করে। অগ্নিনিরাপত্তা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির এই প্রদর্শনীতে রেলওয়ে জুনিয়র বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল। দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে এতে বক্তব্য দেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস পাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুলাউড়া স্টেশন ইনচার্জ সিদ্দিকুর রহমান এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। এতে রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল এবং সাবেক যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান। এছাড়াও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী ও সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন সভায় বক্তব্য রাখেন।
আলোচকরা উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, বজ্রপাত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা দুর্যোগ ঘটে থাকে। এসব ঝুঁকি মোকাবিলায় সরকারি ব্যবস্থার পাশাপাশি ব্যক্তি, পরিবার ও স্থানীয় পর্যায়ের প্রস্তুতি গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারে আগে থেকেই প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার মজুত রাখা, জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ, বাড়িঘর ও কর্মস্থল নিরাপদ রাখা, নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা এবং সরকারি সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানান বক্তারা।


