প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে সিলেটের কোম্পানীগঞ্জে জুবায়ের আহমদ নামের এক পাথর ব্যবসায়ীকে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে ৯ ঘণ্টার বেশি সময় ধরে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উসমান গনি জানান, জুবায়েরকে আটক বা গ্রেপ্তার করা হয়নি এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
জানা যায়, কলাবাড়ি গ্রামের বাসিন্দা ও পাথর ব্যবসায়ী জুবায়ের আহমদ গত শনিবার ফেসবুকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ছবি দিয়ে লেখেন, ‘১২ তারিখ নির্বাচনের পর ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদর আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।’ ওই ফেসবুক পোস্টের কারণে মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি আলী আকবর ও সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল জুবায়েরকে থানায় নিয়ে এসে পুলিশের কাছে হস্তান্তর করেন। হস্তান্তরের পর থেকে জুবায়েরের ওই ফেসবুক পোস্টটি আর দেখা যাচ্ছে না। জুবায়েরকে থানায় সোপর্দ করার বিষয়ে উপজেলা বিএনপির সেক্রেটারি আলী আকবর ও সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল কথা বলতে রাজি হননি।
এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উসমান গনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য জুবায়েরকে থানায় আনা হয়েছে। তিনি জানান, উপজেলা বিএনপির সেক্রেটারি তাকে আত্মসমর্পণ করাতে নিয়ে এসেছিলেন। ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে আনা হয়েছে এবং পোস্টটি জুবায়ের নিজে দিয়েছেন নাকি তার মোবাইল অন্য কেউ ব্যবহার করেছে তা যাচাই করা হচ্ছে।



