জকিগঞ্জে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী জনসভার আয়োজন করেছে সামাজিক সংগঠন হৃদয়ে জকিগঞ্জ। আগামী ৩১ অক্টোবর শনিবার বিকাল ৪টায় উপজেলার কালিগঞ্জ বাজারের সুবহানিয়া মার্কেটের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের।
জনসভা সফল করতে গতকাল শনিবার জকিগঞ্জ ডাকবাংলোয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হৃদয়ে জকিগঞ্জের সভাপতি মো. শহীদুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেল।
লিখিত বক্তব্যে বলা হয়, মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পাশাপাশি জকিগঞ্জে ঘন ঘন চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এ পরিস্থিতি মোকাবিলায় মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধীদের আইনের আওতায় আনা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়োজকেরা জানান, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করতে তাঁরা কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়ছেন না। বরং এ উদ্যোগে সর্বমহলের সহযোগিতা পাচ্ছেন। মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনেও তাঁদের কার্যকর পদক্ষেপ রয়েছে বলে জানান তাঁরা।
চুরি-ডাকাতি প্রতিরোধে প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হলে তাঁদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ।
তাঁরা বলেন, মাদক ও অপরাধ প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্য সামনে রেখে আয়োজিত জনসভায় যুবসমাজ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে হৃদয়ে জকিগঞ্জের সহসভাপতি মো. বিলাল আহমদ, সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর, সাংগঠনিক সম্পাদক আহমেদ সাব্বির, প্রচার সম্পাদক হাফিজ খালেদ আহমদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মো. শাহিন আহমদ ও নির্বাহী সদস্য নাঈমুজ্জামান উপস্থিত ছিলেন। জনসভার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শাহেদ আহমদ রাসেল। এ ছাড়া সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


