মূল কনটেন্টে যান
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কুলাউড়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর


নিজস্ব প্রতিবেদক
কুলাউড়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিকেলের দিকে বাড়ির আশপাশে খেলাধুলা করার পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় শিশু আলী জিবান ও রাহমা। দীর্ঘক্ষণ কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশ খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখতে পান তারা।

‎সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত ৮ বছরের আলী জিবান ওই গ্রামের মৃত আবু মিয়ার ছেলে এবং ৯ বছরের রাহমা একই এলাকার লোকমান মিয়ার মেয়ে।

‎পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সোমবার বিকেলের কোনো একসময়ে অগোচরে বাড়ির পেছনের পুকুর বা এর আশপাশে চলে গিয়েছিল শিশু দুটি। সন্ধ্যার দিকে তাদের দেখতে না পেয়ে স্বজনেরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুরের পানিতে তাদের ভেসে ওঠার দৃশ্য চোখে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

‎ঘটনার বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদটি পুলিশের জানা রয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।