
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস এবং নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান।
কলেজ শাখার প্রভাষক মো. আব্দুল হামিদের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ শশাঙ্ক শেখর গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়। এর পরপরই উদ্বোধনী ক্লাসের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান বলেন, আজকের দিনটি তোমাদের জীবনের একটি স্মরণীয় দিন। পিতা-মাতার স্বপ্ন পূরণ করতে হলে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে হবে এবং একইসঙ্গে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এছাড়া পিতা-মাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরও তিনি জোর দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে সতর্ক করে তিনি আরও বলেন, পড়াশোনার সময় টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। টিকটকে নয়, শিক্ষার্থীদের বইয়ের মাঝে থাকতে হবে— তবেই ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব হবে। তিনি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে দোয়া ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক নাছিমা বেগম, নবাগত শিক্ষার্থীদের অভিভাবক হারিছ আলী, এলাইছ মিয়া এবং সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুরজাহান আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাফরিন আক্তার চৌধুরী এবং গীতা পাঠ করেন অনত রানী দেবী।
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রভাষক শামিমা আক্তার, আব্দুল কুদ্দুস, মাজেদা সুলতানা এবং স্কুল-কলেজের কম্পিউটার অপারেটর হুরমত মিয়াসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের নিয়মিত কার্যক্রমের সূচনা ঘটে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।