আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সঠিকভাবে লবণ প্রয়োগ বিষয়ে ব্যতিক্রমধর্মী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, জকিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, কোরবানির কাজে সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা জাকির আহমদের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস।
তিনি কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি, চামড়া ছাড়ানোর সময় করণীয়, দ্রুত সংরক্ষণ ব্যবস্থা এবং নির্ধারিত পরিমাণে লবণ প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সামান্য অসচেতনতার কারণেই প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। সঠিক নিয়ম অনুসরণ করা গেলে চামড়ার মান বজায় থাকবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
কর্মশালায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং বড়পাথর দারুস সুন্নাহ মুহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল গণি।
বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া একটি জাতীয় সম্পদ। তাই সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে প্রশিক্ষণের বিকল্প নেই। তারা ঈদের সময় পরিচ্ছন্নতা বজায় রাখা ও চামড়া সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ, সাংবাদিক কে. এম মামুন, হাবিবউল্লাহ মিসবাহ, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।