
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক দুই দিন আগে সিলেট-৫ আসনের রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে বিএনপি। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে দল। ভোটের আগমুহূর্তে এ বহিষ্কারকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন উত্তাপ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে শফিকুর রহমানের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতেই তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
এর আগে একই অভিযোগে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমসহ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার মোট আট নেতাকে বহিষ্কার করে জেলা বিএনপি। একের পর এক বহিষ্কারে স্থানীয় বিএনপির রাজনীতিতে প্রকাশ্যে চলে এসেছে বিভাজনের চিত্র।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সংগঠনের স্বার্থে শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডই বরদাশত করা হবে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ভবিষ্যতে সকল পর্যায়ের নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করেই দলকে শক্তিশালী করতে হবে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, বহিষ্কৃত এসব নেতৃবৃন্দ সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ, যিনি ‘চাকসু মামুন’ নামে পরিচিত, তার পক্ষে মাঠে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে ভোটের আগমুহূর্তে সিলেট-৫ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।