
টানা কয়েকদিনের অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজ, চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণে দেশের ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
দুর্যোগকবলিত এলাকাগুলোর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ ছাড়াও রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও জামালপুর জেলা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও আশ্রয় দেওয়ার জন্য কাজ করছে সীমান্তরক্ষী বাহিনী। একই সঙ্গে দুর্গতদের মাঝে জরুরি চিকিৎসা সেবা ও ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা সচল করা এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন। উদ্ভূত পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি ও পর্যবেক্ষণের জন্য এই ১১ জেলার মোট ৯০টি পয়েন্টে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি। যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা প্রদান ও উদ্ধার তৎপরতা নিশ্চিত করতে তারা প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।