
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নে সুরমা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন। ভাঙনের কারণে নদীপাড়ের কয়েকটি গ্রাম, গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ১৯০৫ সালে প্রতিষ্ঠিত সুরানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শতবর্ষী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে নদীভাঙনের একেবারে কাছাকাছি অবস্থান করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর, দুধরচক, শিবেরচক, হরাইচক ও সুরানন্দপুর গ্রামের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এ বিদ্যালয়ে পড়াশোনা করে। নদীভাঙন অব্যাহত থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।
মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর প্রবাসী ফোরামের সভাপতি ও সমাজসেবক, পর্তুগাল প্রবাসী জুবায়ের আহমদ বলেন, “নদীভাঙনের কারণে গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলো হুমকির মুখে রয়েছে। দ্রুত ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
এলাকাবাসী জানান, প্রতি বর্ষা মৌসুমেই সুরমা নদীর ভাঙনে জনপদ ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়নি। ফলে প্রতিবছরই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। তারা অবিলম্বে ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা এবং দীর্ঘমেয়াদি নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।