
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে আইনজীবী আমিনুল ইসলামকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হলো। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত এই চিফ প্রসিকিউটর রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের গুম-খুনের বিচারের লক্ষ্যে ওই বছরের ৫ সেপ্টেম্বর অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বর্তমান বিএনপি সরকার সেই নিয়োগ বাতিল করে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে দায়িত্ব দিল।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।