
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘জননেতা এম. ইলিয়াস আলীর উন্নয়ন ও তাকে নির্যাতন করার কথা মনে রেখে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন। আপনাদের ভোটে ধানের শীষের বিজয় হলে, তা হবে জনগণেরই বিজয়, উন্নয়ন-অগ্রগতির বিজয়।
তিন আরও বলেন,’বিএনপি জনগণের দল, উন্নয়নের দল। তাই, বিএনপি ক্ষমতায় গেলে ও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন অবশ্যই বাস্তবায়িত হবে।’
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথে প্রতীক বরাদ্দের পর ধানের শীষের সমর্থনে আয়োজিত প্রথম প্রচার মিছিল শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকার প্রবাসী চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার সওজ ডাকবাংলোর সামনে থেকে একটি মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
নির্বাচনী এই প্রচার মিছিলে মায়ের সাথে অংশ নেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর দুই ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার। তাঁরা হাতে প্রতীকী ধানের শীষ নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় ছাদখোলা গাড়িতে লুনার সাথে ছিলেন তাঁর একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল। মিছিলের সামনের সারিতে ছিলেন এম ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আছকির আলী।
এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সওজের ডাকবাংলোর সামনে জড়ো হতে থাকেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে স্থানীয় ও প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।