মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা থেকে গ্রেফতার


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
গোলাপগঞ্জ প্রতিনিধি
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা থেকে গ্রেফতার

সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নিজ উপজেলা বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।

অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) ঘটনায় তার বড় ভাই সাঈদ আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। একই থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তার ভাতিজা রেজাউল করিম আরেকটি হত্যা মামলা করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।