সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার ৩৪২ টাকা মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়িসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)–এর সুরাইঘাট, জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক আভিযানিক টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ১টার দিকে কানাইঘাট উপজেলার বাদশাবাজার এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ও পাতার বিড়ি জব্দ করে জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক টহলদল। এসব পণ্যের সিজারমূল্য ৬ লাখ ২৩ হাজার ৩৪২ টাকা।
দুই দিনের পৃথক অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ১২ লাখ ৩৫ হাজার ৩৪২ টাকা। জব্দ করা পণ্য কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


