এক সময় যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনের পর সেই প্রতিষ্ঠান থেকেই নিয়েছেন অবসর। জীবনের বড় একটি অংশ কাটিয়েছেন দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে। সেই বর্ষীয়ান আলেমে দ্বীন মাওলানা বশির উদ্দিন আহমদ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ছিলেন। তাঁর বাড়ি উপজেলার দর্পনগর গ্রামে। বৃহস্পতিবার বাদ আসর দর্পনগর জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মাওলানা বশির উদ্দিন আহমদ চৌধুরীর শিক্ষাজীবন ও কর্মজীবনের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদরাসা। ছাত্রজীবনে তিনি এ প্রতিষ্ঠানেই পড়াশোনা করেন। পরবর্তী সময়ে শিক্ষক হিসেবে যোগ দিয়ে দীর্ঘদিন অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। অবশেষে সেই প্রিয় প্রতিষ্ঠান থেকেই অবসরে যান।
তাঁর ছাত্রজীবনের সহপাঠী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, আরব আমিরাতের সাবেক বিচারপতি এবং ইছামতি দারুল উলূম কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান (মুহাদ্দিস ছাহেব) (রহ.)। তাঁদের সহপাঠিত্ব ছিল সিলেটের দ্বীনি শিক্ষাঙ্গনের একটি স্মরণীয় অধ্যায়।
গাছবাড়ী মাদরাসা থেকে অবসরের পরও দ্বীনি শিক্ষার খেদমত থেকে দূরে থাকেননি তিনি। জকিগঞ্জের জামেয়া মুহাম্মদিয়া গাফুরিয়া, লামারগ্রাম মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সিলেটের বিভিন্ন মাদরাসায় দ্বীনি শিক্ষা বিস্তারে ভূমিকা রাখেন।
মুফতি আবুল হাসান এমপির শোক
মাওলানা বশির উদ্দিন আহমদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘মাওলানা বশির উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন একজন বিদগ্ধ ও প্রজ্ঞাবান আলেম। গাছবাড়ী মাদরাসা থেকে অবসরের পর তিনি জামেয়া লামারগ্রামের শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তাঁর মতো একজন গুণী ব্যক্তিকে সহকর্মী হিসেবে পেয়ে আমি গর্বিত ছিলাম। এ ছাড়া সিলেটের বিভিন্ন মাদরাসায় তিনি দ্বীনি শিক্ষাদানে নিয়োজিত ছিলেন।’
নিজে ঢাকায় অবস্থান করায় এই গুণী আলেমের জানাজায় অংশ নিতে না পারার আক্ষেপ প্রকাশ করে এমপি আবুল হাসান বলেন, ‘আমি ঢাকায় থাকার কারণে এই গুণী আলেমের জানাজায় অংশগ্রহণ করতে না পারায় খারাপ লাগছে। তাঁর ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাঁকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন। শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও ছাত্রদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


