মূল কনটেন্টে যান
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সিলেটের খ্যাতিমান চক্ষুচিকিৎসক অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই


সিলেটের খ্যাতিমান চক্ষুচিকিৎসক অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই

সিলেটের চিকিৎসাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, দেশের খ্যাতিমান চক্ষুচিকিৎসক ও শিক্ষাবিদ অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী আর নেই। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর।

অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। চিকিৎসক হিসেবে পেশাগত দক্ষতা, চিকিৎসাশিক্ষার প্রসার এবং শিক্ষাবিদ হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সিলেটের চিকিৎসাঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। নিজ এলাকার এই কৃতী সন্তানের মৃত্যুতে স্থানীয় বাসিন্দা, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও চিকিৎসা পেশার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

শুক্রবার বাদ জুমা সিলেট নগরীর শাহজালাল (রহ.) উপশহরের এ ব্লক মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নগরীর হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে সিলেট একজন অভিজ্ঞ চক্ষুচিকিৎসক, নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও গুণী ব্যক্তিত্বকে হারাল। তাঁর কর্ম ও অবদান চিকিৎসা ও শিক্ষাঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।