জকিগঞ্জের জনপ্রিয় উপস্থাপক, ইসলামী নাশীদ শিল্পী ও লেখক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। ২০২২ সালের ৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে জকিগঞ্জের সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও স্মরণ করেন তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা।
রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। জকিগঞ্জের প্রথম অনলাইন টিভি চ্যানেল ‘জকিগঞ্জ টিভি’ র সংবাদ উপস্থাপনার পাশাপাশি ইসলামী নাশীদ শিল্পী, লেখক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবেও তাঁর পরিচিতি ছিল। তিনি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সদস্য ছিলেন। ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহর আবৃত্তি পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর কণ্ঠে গাওয়া রিসালাহর ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘আমরা ভুলে যাই এই পৃথিবী নয়তো আসল ঠিকানা’ নাশীদটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে। হৃদয়স্পর্শী কণ্ঠ ও পরিবেশনার মধ্য দিয়ে তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
সাংবাদিকতা ও লেখালেখিতেও ছিল তাঁর সরব উপস্থিতি। স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকা এবং অনলাইন পোর্টালে নিয়মিত লিখতেন তিনি। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকের ফিচার লেখক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সংবাদ উপস্থাপনা, সাহিত্যচর্চা ও ইসলামী সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সৃজনশীলতা ছিল প্রশংসনীয়।
অকালপ্রয়াণে থেমে যায় তাঁর সম্ভাবনাময় পথচলা। তবে তাঁর কণ্ঠে গাওয়া নাশীদ, উপস্থাপনার স্মৃতি, লেখনী ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আজও তাঁকে স্মরণীয় করে রেখেছে। জকিগঞ্জের সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
চতুর্থ মৃত্যুবার্ষিকীতে প্রয়াত রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।


