দলীয় প্রতীকবিহীন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করতে নতুন কৌশল গ্রহণ করেছে কওমি ধারার দলগুলো। বিএনপি-জামায়েতের একক প্রার্থী দেওয়ার ঘোষণা এবং পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে আত্মপ্রকাশ করেছে সাতটি দলের একটি নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামী দল’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁও থানাধীন মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর শীর্ষ নেতাদের দীর্ঘ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই জোটের যাত্রা শুরু হয়। এতে কওমি ধারার প্রভাবশালী সাতটি রাজনৈতিক দল একমঞ্চে আসার ঘোষণা দেয়। নতুন এই জোটে অন্তর্ভুক্ত দলগুলো হলো— খেলাফত মজলিস,ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন , বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সংবাদমাধ্যমকে জোট গঠনের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে এই সাতটি দল একটি যৌথ কাঠামোর অধীনে একসঙ্গে কাজ করবে। তিনি স্পষ্ট করেন যে, ইতিপূর্বে যেসব দল অন্য কোনো রাজনৈতিক জোটে সক্রিয় ছিল, তারা সেই পুরনো জোট ত্যাগ করেই ‘সমমনা ইসলামী দল’-এ যুক্ত হয়েছে।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কওমি ধারার এই দলগুলো বিভিন্ন জোটে অংশ নিলেও, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভিন্ন কৌশল বেছে নেয় । বিএনপি ও জামায়াত এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। এই পরিবর্তিত বাস্তবতায় নিজেদের রাজনৈতিক গুরুত্ব বজায় রাখতে এবং স্থানীয় নির্বাচনে শক্ত প্রতিপক্ষ হিসেবে লড়তে হেফাজতে ইসলামের মধ্যস্থতায় কওমিপন্থি দলগুলো এই যৌথ প্ল্যাটফর্ম তৈরি করল।
জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর এই সাত দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নির্বাচনী কর্মপরিকল্পনা ও কৌশল চূড়ান্ত করা হবে।



