মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে টিসিবির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ


জকিগঞ্জে টিসিবির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

সিলেটের জকিগঞ্জ উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মেসার্স মাহী খাদ্য ভান্ডারের ডিলারশিপ বাতিলের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় ব্যবসায়ী ছামি আহমদ চৌধুরী।

৭ অক্টোবর ২০২৬ তারিখে দেওয়া আবেদনে ছামি আহমদ চৌধুরী উল্লেখ করেন, ২নং বিরশ্রী ইউনিয়নের জন্য মেসার্স মাহী খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মো. ছাদ হাসান ছাদিকে টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে তাঁর বাড়ি জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নে এবং তিনি সিলেট শহরে পরিবারের সঙ্গে বসবাস করেন বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, বিরশ্রী ইউনিয়নের ভিঙ্গাইর বাজারের ব্যবসায়ী মকবুল হোসেনের দোকানকে ব্যবসায়িক ঠিকানা দেখিয়ে সংশ্লিষ্ট লাইসেন্স ও প্রত্যয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অথচ আবেদনকারীর দাবি, মকবুল হোসেন বিরশ্রী ইউনিয়ন যুবলীগের সক্রিয় নেতা। এ ছাড়া ইউনিয়নের একাধিক ব্যবসায়ী ডিলারশিপ পেতে আগ্রহী ছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

ছামি আহমদ চৌধুরী জানান, বিরশ্রী ইউনিয়নের মাছুম বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত এ বাজার থেকে টিসিবির পণ্য বিতরণ করা হলে সাধারণ মানুষের সুবিধা হবে বলে তিনি মনে করেন।

আবেদনে টিসিবির আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজারের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ তদন্ত ছাড়াই ডিলারশিপ দেওয়ার অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলার ও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

আবেদনকারী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আবেদনের অনুলিপি সিলেটের জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।