
জকিগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফখর উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ।
এ সময় বক্তব্য দেন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক জুলাই যোদ্ধা রেদোয়ান রাফি ও মরিয়ম জান্নাত।
আলোচনা সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস মূলত শ্রমজীবী নারীদের অধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সেলাই কারখানার নারী শ্রমিকরা দীর্ঘ ১২ ঘণ্টার শ্রম কমিয়ে আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আন্দোলনে নামেন। সেই আন্দোলনের সময় বহু নারী শ্রমিক গ্রেফতার ও নির্যাতনের শিকার হন।
পরবর্তীতে ১৮৬০ সালে একই দিনে নারী শ্রমিক ইউনিয়ন গঠিত হয়। ১৯০৮ সালে নিউইয়র্কে পোশাক ও বস্ত্রশিল্পের প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আন্দোলনে অংশ নিয়ে শেষ পর্যন্ত আট ঘণ্টা কর্মঘণ্টার অধিকার আদায় করেন।
নারী শ্রমিকদের এই দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিনটি নারী অধিকার আন্দোলনের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু উদযাপনের দিন নয়; এটি নারীর অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার অঙ্গীকার নতুন করে স্মরণ করার দিন। সমাজের সব ক্ষেত্রে বৈষম্য দূর করে নারীর সক্ষমতা ও অবদানকে যথাযথ মর্যাদা দেওয়ার মধ্য দিয়েই একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।