
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নারী ও মেয়ে শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, শোভন কাজ ও স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাসের লক্ষ্যে ‘স্পেস টু লিড’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সুইডিশ সরকার ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। তিনি বলেন, কিশোর-কিশোরী ও যুবদের নেতৃত্ব বিকাশ, সুরক্ষা নিশ্চিতকরণ ও কর্মক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রচলিত ভুল ধারণা দূর করতে এটি সহায়ক হবে। প্রকল্পের সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (পিএইচডি) মো. সাখাওয়াত হোসেন। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী (পিএইচডি) ফিরোজ আহমেদ। ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য দেন অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার রাফিদ আমীন অক্ষর।অপরাজেয়-বাংলাদেশের মনিটরিং অফিসার সঞ্জিত কুমার দের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এসআরএইচ কো-অর্ডিনেটর মো. আছদুজ্জামান, পিএইচডির ফ্যাসিলিটেটর আল-আমিন, নিলুফার ইয়াসমিন, শফিকুল ইসলাম, সিআরএইচএসঅ্যান্ডসিপির মো. রেজাউল করিম ভুইয়া এবং অপরাজেয়-বাংলাদেশের উপজেলা কো-অর্ডিনেটর আজমল হোসেন।
সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কর্মএলাকা, বাজেট ও বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পরে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, সহযোগী সংস্থার প্রতিনিধি, যুবক-যুবতী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্প স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সক্ষম হবে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।