‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’ যার এমন তেজোদীপ্ত কবিতার লাইন একসময় আন্দোলন আর সংগ্রামের প্রেরণা জুগিয়েছিল, সেই কালজয়ী দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আজ ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ২০১২ সালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বর্তমান বাংলা সাহিত্যের শক্তিমান কবি কালাম আজাদের ‘মৃত্তিকার ছাইভষ্ম’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন তিনি। সেই অনুষ্ঠানে কবি হেলাল হাফিজ নিজে তার সেই কালজয়ী কবিতাটি পাঠ করেছিলেন, এটাই ছিল কবিকে আমার প্রথম দেখা।
হেলাল হাফিজ ছিলেন তারুণ্যের অদম্য শক্তি
এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। দেশের একজন আধুনিক কবি যিনি অল্প
কয়েকটি কবিতার রচয়িতা হলেও বিংশ শতাব্দীর শেষাংশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তার
কবিতা সংকলন ‘যে জলে আগুন জ্বলে ‘ ১৯৮৬ সালে প্রকাশিত হওয়ার পর ৩৩টিরও বেশি
সংস্করণ প্রকাশিত হয়েছে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ১৯৭২ সালে
তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে সাংবাদিকতায় যোগদান করেন। ১৯৭৫ সাল
পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক। ১৯৭৬ সালের শেষ দিকে তিনি
দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন । সর্বশেষ তিনি দৈনিক
যুগান্তরে কর্মরত ছিলেন।
সমাজ পরিবর্তনের আলোকবর্তিকা, এই মহান কবির প্রতি গভীর
শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ পাক তাঁকে ক্ষমা করে জান্নাত নসীব করুন। আমিন।
জুবায়ের আহমদ
সম্পাদক : সাপ্তাহিক সবুজ প্রান্ত