মূল কনটেন্টে যান
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পাকিস্তানে সৌরবিদ্যুতের নীরব বিপ্লব : চাপে জাতীয় গ্রিড

বিদ্যুৎ বিলের চাপে ৭০ লাখ পরিবারের ছাদে সোলার প্যানেল


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
পাকিস্তানে সৌরবিদ্যুতের নীরব বিপ্লব : চাপে জাতীয় গ্রিড

দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল দেশ পাকিস্তানে জ্বালানি খাতে ঘটে গেছে এক নীরব বিপ্লব। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতা এবং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার সংকটে বিকল্প পথ খুঁজে নিয়েছেন দেশটির সাধারণ মানুষ ও শিল্পোদ্যোক্তারা। সেই বিকল্পের নাম সৌরবিদ্যুৎ। গ্রাম থেকে শহর, সাধারণ বাড়ির ছাদ থেকে বড় শিল্পকারখানা, সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়েছে সৌরবিদ্যুতের ব্যবহার। এতে একদিকে বিদ্যুৎ ব্যয়ে স্বস্তি মিলছে, অন্যদিকে আর্থিক চাপে পড়ছে রাষ্ট্রীয় বিদ্যুৎ গ্রিড।

জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিনিউয়েবলস ফার্স্টের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের মোট বিদ্যুৎ ব্যবহারে বিতরণব্যবস্থার বাইরে উৎপাদিত সৌরবিদ্যুতের অংশ ছিল মাত্র ১ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ২৮ শতাংশে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা এম্বারের বিশ্লেষণেও এই প্রবৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পাকিস্তানে বিতরণব্যবস্থার বাইরে সৌরবিদ্যুৎ উৎপাদন তিন গুণের বেশি বেড়েছে। বর্তমানে দেশটির প্রায় ৪ কোটি পরিবারের মধ্যে ৭০ লাখ পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহার করছে। অর্থাৎ প্রায় প্রতি ছয়টি পরিবারের একটি এখন সৌরবিদ্যুতের আওতায় এসেছে।

সৌরবিদ্যুতের এই বিস্তার দেশটির সামাজিক জীবনেও পরিবর্তন আনছে। একসময় পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের গ্রামীণ বিয়েতে মোটরসাইকেল কিংবা দামি আসবাবপত্র উপহার দেওয়ার প্রচলন ছিল। এখন অনেক ক্ষেত্রে সোলার প্যানেল ও এয়ারকুলার হয়ে উঠছে আকর্ষণীয় বিয়ের উপহার। কারণ, একটি সোলার প্যানেল পরিবারের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি গরমের দিনে স্বস্তি দেওয়ারও উপায়।

যে কারণে সোলারের দিকে ছুটছেন মানুষ 
পাকিস্তানে সৌরবিদ্যুতের এই বিস্তারের পেছনে বড় কোনো সরকারি প্রণোদনার চেয়ে বেশি ভূমিকা রেখেছে অর্থনৈতিক বাস্তবতা। কয়েক বছরে জাতীয় গ্রিডের বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে মাসিক বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। প্রায় ৪০ হাজার পাকিস্তানি রুপির মাসিক আয়ের বিপরীতে অনেক পরিবারের বিদ্যুৎ বিল দাঁড়ায় ১৫ থেকে ১৮ হাজার রুপি। ফলে আয়ের বড় একটি অংশ চলে যায় বিদ্যুৎ খরচে।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে চীনে উৎপাদিত সৌর প্যানেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা তুলনামূলক সাশ্রয়ী হয়ে ওঠে। ফলে বিদ্যুৎ বিলের চাপ থেকে মুক্তি পেতে অনেক পরিবার নিজ উদ্যোগে সোলার প্যানেল স্থাপন শুরু করে।

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমেদ লেগারিও জনগণের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, অর্থনৈতিক সংকটের মুখে মানুষ নিজেদের প্রয়োজন মেটাতে বিকল্প ব্যবস্থা খুঁজে নিয়েছে এবং কার্যকরভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।

শিল্পকারখানাতেও সৌরবিদ্যুতের আধিপত্য
পাকিস্তানের সৌরবিদ্যুতের বিপ্লব শুধু আবাসিক খাতে সীমাবদ্ধ নেই। দেশটির বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানগুলোও দ্রুত সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে। এর উল্লেখযোগ্য উদাহরণ কোহিনূর টেক্সটাইল মিলস। প্রতিষ্ঠানটির ছাদ ও প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বিপুলসংখ্যক সৌর প্যানেল।

প্রতিষ্ঠানটির ইউটিলিটি ম্যানেজার সাবাউন খানের ভাষ্য অনুযায়ী, সূর্যের আলো থাকলে কারখানার সুতা ও কাপড় উৎপাদনের অনেক ভারী যন্ত্রপাতি সৌরবিদ্যুতের সাহায্যে পরিচালিত হয়। আগে উৎপাদন সচল রাখতে যেসব ব্যয়বহুল জ্বালানিনির্ভর ব্যবস্থা ব্যবহার করতে হতো, সৌরবিদ্যুতের কারণে সেগুলোর ওপর নির্ভরতা অনেক কমেছে।

তবে সৌরবিদ্যুতের একটি সীমাবদ্ধতা রয়েছে। সূর্যের আলো না থাকলে, বিশেষ করে রাতে কিংবা মেঘলা আবহাওয়ায় উৎপাদন অব্যাহত রাখতে ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণের প্রয়োজন হয়। এ কারণে শিল্পপ্রতিষ্ঠানগুলো এখন বড় আকারের ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা স্থাপনের দিকে নজর দিচ্ছে।

কোহিনূর টেক্সটাইল মিলসের প্রধান নির্বাহী তৌফিক সাঈদ সাইগোলের মতে, রাষ্ট্রীয় পর্যায়ে জ্বালানি খাতের সংকট মোকাবিলায় পর্যাপ্ত সক্ষমতা না থাকায় শিল্পপ্রতিষ্ঠানগুলো নিজেদের উদ্যোগেই বিকল্প জ্বালানি ব্যবস্থা গড়ে তুলছে।

সৌরবিদ্যুতের উত্থানে সংকটে জাতীয় গ্রিড
সৌরবিদ্যুতের ব্যাপক বিস্তার সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হলেও রাষ্ট্রীয় বিদ্যুৎ ব্যবস্থার জন্য নতুন সংকট তৈরি করেছে। অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষকেরা এ পরিস্থিতিকে ‘ইউটিলিটি ডেথ স্পাইরাল’ বা বিদ্যুৎ সেবা ব্যবস্থার পতনমুখী ঘূর্ণিপাক হিসেবে বর্ণনা করছেন।

এর ব্যাখ্যা হলো, গ্রাহকেরা যখন জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ কেনা কমিয়ে দেন, তখন বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার স্থায়ী ব্যয় বহন করার জন্য গ্রিডের আয়ও কমে যায়। কিন্তু বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা, সঞ্চালন লাইন ও বিতরণব্যবস্থা রক্ষণাবেক্ষণের খরচ পুরোপুরি কমে না। ফলে অবশিষ্ট গ্রাহকদের ওপর বাড়তি ব্যয়ের চাপ পড়ে। বিদ্যুতের দাম আরও বেড়ে গেলে নতুন করে গ্রাহকেরা সৌরবিদ্যুতের দিকে ঝুঁকতে থাকেন।

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমেদ লেগারি জানিয়েছেন, গ্রিড থেকে গ্রাহকদের সরে যাওয়ার কারণে গত দুই বছরে অবশিষ্ট গ্রাহকদের ওপর প্রতিবছর ৫০ কোটি ডলারের বেশি অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার সৌরবিদ্যুতের অতিরিক্ত উৎপাদন জাতীয় গ্রিডে বিক্রির নিয়মেও পরিবর্তন এনেছে। ২০২৫ সালের মার্চে নতুন নীতিমালায় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট সৌরবিদ্যুতের ক্রয়মূল্য ১০ পাকিস্তানি রুপি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে নতুন সৌরবিদ্যুৎ গ্রাহকদের জন্য নেট মিটারিংয়ের পরিবর্তে নেট বিলিং ব্যবস্থা চালু হয়েছে। এতে গ্রিড থেকে কেনা বিদ্যুৎ এবং গ্রিডে বিক্রি করা বিদ্যুতের মূল্য আলাদাভাবে হিসাব করা হয়। তবে আগের চুক্তির আওতাভুক্ত গ্রাহকদের জন্য কিছু সুরক্ষা রাখা হয়েছে।

সরকারের যুক্তি, সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের বিশেষ সুবিধা দিতে গিয়ে জাতীয় গ্রিডের ব্যয় অন্য গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া দীর্ঘমেয়াদে টেকসই নয়। তবে নতুন নীতিমালা নিয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে অসন্তোষও তৈরি হয়েছে।

পরিচ্ছন্ন জ্বালানিতে স্বনির্ভর হওয়ার লক্ষ্য 
পাকিস্তান সরকার জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। ২০২৬ সালের ৫ নভেম্বর দেশটির জ্বালানিমন্ত্রী আওয়াইস আহমেদ লেগারি জানান, পাকিস্তানের সামগ্রিক জ্বালানি মিশ্রণে পরিচ্ছন্ন জ্বালানির অংশ ৫২ শতাংশে পৌঁছেছে। ২০৩৬ সালের মধ্যে তা প্রায় ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই পরিকল্পনায় সৌর, বায়ু, জলবিদ্যুৎ ও পারমাণবিক শক্তির মতো উৎসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাটারি স্টোরেজ প্রযুক্তির উন্নয়ন, স্থানীয় পর্যায়ে ব্যাটারি উৎপাদন এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিচ্ছে সরকার।

বিশ্বের জন্য কী বার্তা দিচ্ছে পাকিস্তান?
যুদ্ধ, অর্থনৈতিক অস্থিরতা ও জ্বালানিসংকটে বিপর্যস্ত বিশ্বব্যবস্থায় পাকিস্তানের সৌরবিদ্যুতের এই অভিজ্ঞতা বিশেষ গুরুত্ব বহন করছে। দেশটি দেখিয়েছে, বিদ্যুতের উচ্চমূল্য ও সরবরাহসংকট সাধারণ মানুষকে বিকল্প জ্বালানির দিকে দ্রুত নিয়ে যেতে পারে। একই সঙ্গে এই অভিজ্ঞতা এটিও প্রমাণ করেছে, পরিকল্পিত সমন্বয় ছাড়া ব্যক্তিগত পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক বিস্তার রাষ্ট্রীয় বিদ্যুৎ ব্যবস্থার জন্য নতুন আর্থিক ও কারিগরি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সৌরবিদ্যুতের উৎপাদন, ব্যাটারিতে শক্তি সংরক্ষণ এবং জাতীয় গ্রিডের আধুনিকায়ন একসঙ্গে এগিয়ে নেওয়া জরুরি। তা না হলে দিনের বেলায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদিত হলেও রাতের চাহিদা পূরণে সংকট তৈরি হতে পারে।

পাকিস্তানের অভিজ্ঞতা তাই শুধু সৌরবিদ্যুতের সাফল্যের গল্প নয়, বরং জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। রাষ্ট্রীয় গ্রিড ও ব্যক্তিগত সৌরবিদ্যুৎ ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে পারলে এই পরিবর্তন উন্নয়নশীল দেশগুলোর জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।