সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স, জিরা, চা-পাতা, কম্বল, পাতার বিড়ি ও গরু।
শনিবার (২১ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক দল কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৪ লাখ ৫ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স সামগ্রী, জিরা ও চা-পাতা জব্দ করা হয়।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) রাতে জৈন্তাপুর ও লোভাছড়া বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, পাতার বিড়ি ও গরু জব্দ করা হয়।
দুটি অভিযানে জব্দ করা পণ্যের সর্বমোট সিজার মূল্য ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


