জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে।
শনিবার (৩১ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৫ পিস ভারতীয় শাড়ি, ৩ হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
একই দিন দনা বিওপির একটি আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করে। জব্দ করা সুপারির সিজারমূল্য ২৪ হাজার টাকা।
এ ছাড়া গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সুরাইঘাট বিওপির অপর একটি আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।
বিজিবির হিসাব অনুযায়ী, পৃথক তিনটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান জোরদারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


