মূল কনটেন্টে যান
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে মাহবুব আলী খান টুর্নামেন্টের জন্য ভালো খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ

উপজেলাব্যাপী মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পরিকল্পনা


জকিগঞ্জে মাহবুব আলী খান টুর্নামেন্টের জন্য ভালো খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ
উপজেলা ক্রীড়া সংস্থার আহবানে রিয়াল এডমিরাল মাহবুব আলী খান (আন্ত:উপজেলা) ফুটবল টুর্নামেন্ট সফলের লক্ষে প্রস্তুতি সভা

সিলেটে অনুষ্ঠেয় রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান (আন্তঃউপজেলা) ফুটবল টুর্নামেন্টে জকিগঞ্জের প্রতিনিধিত্ব করতে ভালো খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে উপজেলাব্যাপী মাইকিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুজিত কুমার চন্দ। সভা সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ।

সভায় উপজেলার সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ জন্য মাইকিংয়ের মাধ্যমে খেলোয়াড় বাছাইয়ের খবর ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়। বাছাই করা খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী দল গঠন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে তোলার বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা দীর্ঘদিন পর উপজেলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগ গ্রহণ এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য সংস্থার নতুন দায়িত্বশীলদের ধন্যবাদ জানান। তাঁরা বলেন, বিগত দিনে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ তেমন একটা চোখে পড়েনি। নতুন দায়িত্বশীলদের এ উদ্যোগ জকিগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সভায় বক্তব্য দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোজ প্রভাকর রায়, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহজাহান মোহাম্মদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ফজলে আশরাফ মান্না, জকিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহবুব আলম, ক্রীড়া সংগঠক ওয়াজেদ আহমদ, সাবেক খেলোয়াড় আব্দুল ফাত্তাহ ও জবরুল হোসেন, প্রবাসী ফুটবলার তারেক আহমদ, সাবেক গোলকিপার সাবেল আহমদ এবং বারহাল ফুটবল একাডেমির ওলিউর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও সুজিত কুমার চন্দ বলেন, ‘আমরা চাই, জকিগঞ্জ উপজেলা দল যাতে ফাইনালে পৌঁছে যায়। এ লক্ষ্য নিয়ে ভালো খেলোয়াড়দের বাছাই করতে হবে। এ জন্য পুরো উপজেলায় মাইকিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের অনেক ভালো খেলোয়াড় আছেন। তাঁদের খুঁজে বের করে প্রশিক্ষণ দিয়ে জেলায় পাঠাতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো দল জেলায় পাঠাতে পারব বলে আশা করছি।’

উল্লেখ্য, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নভেম্বর মাসে রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সিলেটের ১৩টি উপজেলা ও সিটি করপোরেশনের একটি দলসহ মোট ১৪টি দল অংশ নেওয়ার কথা রয়েছে।